নাটোরের গুরুদাসপুর উপজেলার কুমারখালি গ্রামে দৈনিক সোনালী সময় পত্রিকার গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক সোহেল রানা ও তাঁর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক সমাজ ও সংশ্লিষ্ট মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দৈনিক সোনালী সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল সরকার। তিনি বলেন, একজন সাংবাদিক ও তাঁর পরিবারের ওপর হামলার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। সাংবাদিকরা যাতে নির্ভয়ে ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে হবে। তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, তাদের প্রচলিত আইনের আওতায় এনে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।
একই সঙ্গে সাংবাদিক সোহেল রানা ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
দৈনিক সোনালী সময় কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের হামলা, হয়রানি ও পেশাগত কাজে বাধা দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।