শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজপথে মৌলভীবাজারে জামায়াতের গণজোয়ার

রিপোর্টারের নামঃ / ১ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শনিবার, ১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচার দাবিতে মৌলভীবাজারে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মৌলভীবাজার জেলা শাখা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১ আগস্ট ২০২৬) বাদ আসর শহরের চৌমুহনা দেওয়ানি জামে মসজিদের সামনে থেকে গণমিছিলটি বের হয়। মিছিলটি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক, পশ্চিমবাজার ও ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন শাহ, পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম, সদর উপজেলা নায়েবে আমীর ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির, রাজনগর উপজেলা সেক্রেটারি মিছবাহুল হাসান প্রমুখ।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দালালি না, রাজপথ—রাজপথ’, ‘দিল্লি না, ঢাকা—ঢাকা’, ‘আপোষ না, সংগ্রাম—সংগ্রাম’, ‘অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে’ এবং ‘শহীদদের রক্ত বৃথা যেতে পারে না’—এমন বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী বলেন, একটি জাতীয় নির্বাচনের পর দেশবাসী আশা করেছিল দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে, চাঁদাবাজি ও ফ্যাসিবাদী আচরণের অবসান ঘটবে, সমাজের সর্বস্তরে বৈষম্য দূর হবে এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হবে। কিন্তু নির্বাচন-পরবর্তী সময়ে জনগণের সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে তিনি দাবি করেন।
তিনি অভিযোগ করেন, গণতান্ত্রিক কর্মসূচি পালনে বাধা দেওয়া হচ্ছে, জুলাই আন্দোলনের কর্মীদের ওপর হামলা, যানবাহন ভাঙচুর এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহারের চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ডকে তিনি গণতান্ত্রিক চর্চার পরিপন্থী বলে মন্তব্য করেন।
জেলা আমীর আরও বলেন, নির্বাচনের সাত মাস অতিবাহিত হলেও গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করছে। তিনি দাবি করেন, জনগণ রাজপথে নামলে ক্ষমতার মসনদ কেঁপে উঠবে। তিনি অবিলম্বে গণরায় বাস্তবায়ন, জুলাই আন্দোলনের শহীদদের হত্যাকারী ও তাদের সহযোগীদের বিচার এবং দ্রুত রায় কার্যকরের দাবি জানান।
তিনি আরও বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকার স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করেছে এবং জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে তাদের ক্ষমতা ছাড়তে হয়েছে। বর্তমান সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য ফিরিয়ে আনতে হবে।
শেষে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও গণমিছিল সফল করতে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান জেলা আমীর। তিনি আগামী ৫ আগস্ট ঘোষিত ১১ দলীয় বিক্ষোভ সমাবেশে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ

01 August 2026

গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজপথে মৌলভীবাজারে জামায়াতের গণজোয়ার

www.promothalo.com
01 August 2026

গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজপথে মৌলভীবাজারে জামায়াতের গণজোয়ার

www.promothalo.com