বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযান, ইয়াবা ও ৪৭ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার, জব্দ মাদক বিক্রির মোটরসাইকেল, নারীসহ গ্রেপ্তার ৬

প্রমথ আলো / ৩০ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় প্রধান রাজশাহীঃ

রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজন মাদক ব্যবসায়ী ও একজন মাদকসেবী রয়েছেন। অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

আরএমপির কাটাখালী, দামকুড়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ এবং মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ২৪ নভেম্বর মহানগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে কাটাখালী থানা পুলিশ মহানগরীর চক কাপাশিয়া উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে মোসা. মলি বেগম (৪০) ও মো. আক্তার হোসেন (৫৩)-কে গ্রেপ্তার করে। মলি বেগম রাজশাহী জেলার চারঘাট থানার পাসুন্দিয়া গ্রামের মৃত গমির উদ্দিনের মেয়ে এবং মো. শামীনুর রহমানের স্ত্রী। অপরদিকে, আক্তার হোসেন একই গ্রামের মৃত আফাজ উদ্দীনের ছেলে।

এ সময় কাটাখালী থানার চক কাপাশিয়া কুশিপাড়া গ্রামের মৃত মোজাহার মণ্ডলের ছেলে মো. ইয়াকুব আলী (৬৫) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

অভিযানকালে মলি বেগমের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪৭ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল (Fairdyl) সিরাপ এবং আক্তার হোসেনের কাছ থেকে সেবনের উদ্দেশ্যে রাখা দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আক্তার হোসেনের স্বাস্থ্য পরীক্ষা করা হলে চিকিৎসক তাঁকে ‘Drug Abuse’ হিসেবে মতামত দেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, মলি বেগম ও পলাতক ইয়াকুব আলী পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। পলাতক ইয়াকুব আলীর বিরুদ্ধে চারঘাট থানায় একটি এবং আরএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অপরদিকে, একই দিন সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে দামকুড়া থানা পুলিশ জোতরাবন গ্রামে অভিযান চালিয়ে শিতলাই সরকারপাড়া গ্রামের মো. জাকারিয়া বাবুর ছেলে মো. রাকিবুল (২২)-কে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ছাড়া একই দিন সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ হড়গ্রাম পীর সাহেবপাড়া এলাকায় অভিযান চালিয়ে একই গ্রামের মো. জাহাঙ্গীর আলম কালুর ছেলে মো. মারুফ সরকার পিয়াস (২১)-কে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

অন্যদিকে, একই দিন দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজপাড়া থানার হড়গ্রাম নিউ মার্কেট বাজার এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. সেন্টু হোসেন (৩৮) এবং রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া পার্কের গেট এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে মো. রাশেদ (২৪)। এ সময় তাঁদের হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার সেন্টু হোসেনের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে আরএমপি জানিয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
25 November 2026

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযান, ইয়াবা ও ৪৭ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার, জব্দ মাদক বিক্রির মোটরসাইকেল, নারীসহ গ্রেপ্তার ৬

www.promothalo.com
25 November 2026

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযান, ইয়াবা ও ৪৭ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার, জব্দ মাদক বিক্রির মোটরসাইকেল, নারীসহ গ্রেপ্তার ৬

www.promothalo.com