নওগাঁ জেলার ১১টি থানার সার্বিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নে অক্টোবর ২০২৬ মাসে প্রথম স্থান অধিকার করেছে মান্দা থানা। জেলার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতি প্রদান করা হয়। এ উপলক্ষে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেনের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী পিপিএম। সভা শেষে অক্টোবর মাসের সার্বিক মূল্যায়নে জেলার ১১টি থানার মধ্যে প্রথম স্থান অর্জন করায় মান্দা থানার পক্ষে পুরস্কার ও ক্রেস্ট গ্রহণ করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন। তিনি আইজিপি ব্যাচপ্রাপ্ত কর্মকর্তা।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন বলেন, এ সাফল্য থানার সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে নিয়ে আন্তরিকভাবে কাজ করতে চান তিনি। এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।