আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব-৭, চট্টগ্রাম। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল, বিশেষ চেকপোস্ট এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
র্যাব সূত্র জানায়, ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে অলংকার মোড়, একে খান বাসস্ট্যান্ড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে ডাকাতি, ছিনতাই, চুরি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা প্রতিরোধে জোরদার নজরদারি চালানো হচ্ছে।
এ ছাড়া বাসের টিকিট সিন্ডিকেট, কালোবাজারি এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রতিরোধেও মাঠে কাজ করছে র্যাব। জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।
এরই অংশ হিসেবে বুধবার (২৭ মে ২০২৬) র্যাব-৭, চট্টগ্রামের লেফটেন্যান্ট কমান্ডার মো. তাওহিদুল ইসলাম নগরীর সাগরিকা কোরবানির পশুর হাট, অন্যান্য অস্থায়ী পশুর হাট এবং কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পশুর হাটের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পশুর হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জাল টাকা শনাক্তকরণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।
র্যাব জানায়, পশুর হাট এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও জাল টাকা লেনদেন ঠেকাতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল এবং সাধারণ মানুষের নিরাপদ কেনাবেচা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে বাহিনীটি।
এ সময় হাটে আগত ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষকে সতর্কতার সঙ্গে লেনদেন সম্পন্ন করার পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যকলাপ দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।
র্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ক্যাপ্টেন শাহ আব্দুল আউয়াল হাসেমী বলেন, “আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব-৭ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঈদযাত্রা, পশুর হাট এবং নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপরাধ ও অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে র্যাব সর্বদা প্রস্তুত রয়েছে।”
তিনি আরও জানান, ঈদ উপলক্ষে পরিচালিত বিশেষ চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং কার্যক্রমের কারণে দায়িত্বাধীন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অপচেষ্টা শনাক্ত ও প্রতিরোধে র্যাবের বিশেষ টিম কাজ করছে।
র্যাব-৭, চট্টগ্রামের পক্ষ থেকে ঈদকেন্দ্রিক ছুটিতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনসাধারণকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।