অটোপাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হামলার শিকার হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। আজ দুপুরে গাজীপুর ক্যাম্পাস থেকে ঢাকায় ফেরার পথে তাঁর গাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডিগ্রি তৃতীয় বর্ষের একদল শিক্ষার্থী উপাচার্যের গাড়ির গতিরোধ করে বিক্ষোভ দেখান এবং একপর্যায়ে গাড়িতে হামলা চালান। এতে উপাচার্য নাজেহালের শিকার হন।
এর আগে গত বছরের ২১ মে একই দাবিতে আন্দোলনরত ২০২২ সালের স্নাতক (পাস) পরীক্ষার্থীদের হামলায়ও আহত হয়েছিলেন উপাচার্য।
ঘটনার বিষয়ে জানতে চাইলে উপাচার্য ড. আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের ‘অন্যায্য দাবি’ মেনে নেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় কোনোভাবেই অটোপাসকে সমর্থন করে না। শিক্ষার গুণগত মান বজায় রাখতে অটোপাস ও গ্রেস নম্বর নিরুৎসাহিত করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘একবার অটোপাস দেওয়া হলে দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও কঠোর অবস্থানে যেতে পারে।’