শাহ লাভলী রহমান: শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, আলোকিত হোক আগামীর প্রজন্ম, এই প্রত্যয়কে সামনে রেখে মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান-২০২৬ অনুষ্ঠানের আয়োজন করেছে উত্তরভাগ ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকে। আগামী ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার রাজনগরের কান্দি গাও উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শিক্ষার প্রসার, মেধার বিকাশ এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের ভবিষ্যৎ গঠনে অনুপ্রেরণা জোগাতে চায় এ সংগঠনটি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তরভাগ ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের যুগ্ম আহ্বায়ক জনাব মো. খছরু মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কান্দি গাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক জনাব মো. আব্দুল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজনগর উপজেলা সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব আহমেদ আলী। আয়োজিত এ অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সমন্বয় ও তত্ত্বাবধানের দায়িত্ব পালন করছেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
আয়োজকদের মতে, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ শক্তি। তাদের মেধা, যোগ্যতা ও সৃজনশীলতার বিকাশে যথাযথ সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। শিক্ষাবৃত্তি শুধু আর্থিক সহযোগিতার মাধ্যম নয়; এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানো, ভালো ফলাফলে উৎসাহিত করা এবং উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণাও। প্রবাসে অবস্থান করেও নিজ এলাকার শিক্ষার্থীদের শিক্ষা ও কল্যাণে কাজ করার এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে শিক্ষার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রবাসী ও স্থানীয় জনগণের মধ্যে সামাজিক দায়বদ্ধতা, পারস্পরিক সহযোগিতা এবং এলাকার উন্নয়নে সম্মিলিত অংশগ্রহণ আরও জোরদার হতে পারে। অনুষ্ঠান সফল করতে শিক্ষানুরাগী, শিক্ষক, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও এলাকার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন আয়োজকেরা।
আয়োজনে: উত্তরভাগ ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকে।
মূল প্রত্যয়: মানবতার কল্যাণে, শিক্ষার উন্নয়নে—আমাদের পথচলা অব্যাহত থাকুক।