আসন্ন ২১ জানুয়ারি ২০২৭ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন লাকমা গ্রামের বাসিন্দা ও তিনবারের সাবেক ইউপি সদস্য মো. বাচ্চু মিয়ার সুযোগ্য সন্তান মো. উসমান ফারুক।
প্রার্থিতা ঘোষণার পর থেকেই স্থানীয় ভোটারদের মধ্যে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের বিষয়ে মো. উসমান ফারুক জানান, জনগণের সেবা, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করার পাশাপাশি ৩নং ওয়ার্ডের লাকমা, টেকেরঘাট, বড়ছড়া ও বরুঙ্গাছড়া গ্রামের সার্বিক উন্নয়নই হবে তার মূল লক্ষ্য।
তিনি বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ওয়ার্ডের কাঁচা সড়ক সংস্কার ও নতুন রাস্তা নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বিশুদ্ধ পানির সুবিধা সম্প্রসারণ, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুবসমাজকে সম্পৃক্ত করা এবং সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেবেন।
মো. উসমান ফারুক বলেন, আমি জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে ৩নং ওয়ার্ডের প্রতিটি মানুষের পাশে থাকতে চাই। জন্মনিবন্ধন, মৃত্যুনিবন্ধন, নাগরিক সনদসহ ইউনিয়ন পরিষদের সব ধরনের সেবা সাধারণ মানুষ যেন সহজে, দ্রুত ও হয়রানিমুক্তভাবে পেতে পারেন, সে লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করব। জনপ্রতিনিধি হিসেবে নয়, বরং জনগণের একজন সেবক হয়ে মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।”
তিনি আরও বলেন, মাদক, দুর্নীতি ও সামাজিক অপরাধমুক্ত একটি আদর্শ ওয়ার্ড গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, সামাজিক সম্প্রীতি, কর্মসংস্থান ও যুব উন্নয়নসহ জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।
এদিকে, তার প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে ৩নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা-পর্যালোচনা শুরু হয়েছে। আসন্ন নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীরাও ইতোমধ্যে জনসংযোগ বাড়াচ্ছেন এবং নিজেদের উন্নয়ন পরিকল্পনা ভোটারদের সামনে তুলে ধরছেন।
স্থানীয়দের প্রত্যাশা, আসন্ন নির্বাচনে যোগ্য, জনবান্ধব ও দায়িত্বশীল জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, যিনি দল-মত ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রথম ধাপের ভোটগ্রহণ আগামী ২১ জানুয়ারি ২০২৭, বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তালিকা অনুযায়ী, সুনামগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়ন, বিশ্বম্ভরপুর উপজেলার ৫টি, তাহিরপুর উপজেলার ৭টি এবং মধ্যনগর উপজেলার ৪টি ইউনিয়ন প্রথম ধাপের নির্বাচনের আওতায় রয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলার ইউনিয়নগুলো হলো:
১. রঙ্গারচর ইউনিয়ন
২. গৌরারং ইউনিয়ন
৩. মোহনপুর ইউনিয়ন
৪. লক্ষণশ্রী ইউনিয়ন
৫. কুরবাননগর ইউনিয়ন
৬. মোল্লাপাড়া ইউনিয়ন
৭. জাহাঙ্গীরনগর ইউনিয়ন
৮. সুরমা ইউনিয়ন
৯. কাঠইর ইউনিয়ন।
বিশ্বম্ভরপুর উপজেলার ইউনিয়নগুলো হলো:
১. সলুকাবাদ ইউনিয়ন
২. ধনপুর ইউনিয়ন
৩. পলাশ ইউনিয়ন
৪. ফতেপুর ইউনিয়ন
৫. বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন।
তাহিরপুর উপজেলার ইউনিয়নগুলো হলো:
১. শ্রীপুর (উত্তর) ইউনিয়ন
২. শ্রীপুর (দক্ষিণ) ইউনিয়ন
৩. বড়দল (দক্ষিণ) ইউনিয়ন
৪. বড়দল (উত্তর) ইউনিয়ন
৫. বাদাঘাট ইউনিয়ন
৬. তাহিরপুর ইউনিয়ন
৭. বালিজুরি ইউনিয়ন।
মধ্যনগর উপজেলার ইউনিয়নগুলো হলো:
১. মধ্যনগর সদর ইউনিয়ন
২. চামরদানী ইউনিয়ন
৩. বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন
৪. বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন।