নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে মৌলভীবাজার জেলা জামায়াত। আগামীকাল শনিবার (২৪ অক্টোবর) নিজ জেলা মৌলভীবাজারে সাংগঠনিক সফরে আসছেন জামায়াতের কেন্দ্রীয় আমির। সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
জাতীয় সংসদ নির্বাচনের পর মৌলভীবাজার জেলা শহরে এটিই জামায়াত আমিরের প্রথম সফর বলে জানিয়েছে জেলা জামায়াত। সফরসূচি অনুযায়ী, সকাল ৮টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কেন্দ্রীয় আমিরকে অভ্যর্থনা জানানো হবে। এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম এবং সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান।
সকাল ৯টায় মৌলভীবাজার সার্কিট হাউসে গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি রেখেছে জেলা প্রশাসন। সকাল সাড়ে ১০টায় একই স্থানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। জেলার সাতটি উপজেলা, পাঁচটি পৌরসভা, ৬৭টি ইউনিয়ন ও ৬০৩টি ওয়ার্ডের প্রতিনিধিদের পাশাপাশি জামায়াতের সব রুকন, স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থী এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলরা সম্মেলনে অংশ নেবেন বলে জানিয়েছে জেলা জামায়াত।
দুপুরে মৌলভীবাজার কোর্ট মসজিদে জোহরের নামাজ আদায় করবেন জামায়াত আমির। নামাজের পর জেলা সার্কিট হাউসে ১১-দলীয় জোটের মৌলভীবাজার জেলা নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।
এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর পরপর জেলা আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ২০২৭-২০২৮ সেশনের জন্য মৌলভীবাজার জেলা আমির নির্বাচনে ভোট গ্রহণের লক্ষ্যে দুপুর ২টায় জেলা শিল্পকলা একাডেমিতে রুকন সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রায় ৬০০ রুকন অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। সম্মেলনে নির্বাচন পরিচালনা করবেন সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান।
সম্মেলনের বক্তব্য পর্ব শেষে বিকেল ৪টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে মৌলভীবাজার ত্যাগ করার কথা রয়েছে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের।
জেলা জামায়াতের উদ্যোগে কেন্দ্রীয় আমিরের সফর সফল করতে প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও পৌরসভায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সফরের মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছে জেলা জামায়াত।
মৌলভীবাজার জেলা জামায়াতের পক্ষ থেকে কেন্দ্রীয় আমিরের সাংগঠনিক সফরের সার্বিক সফলতা কামনা করা হয়েছে।