মাজিবুল হক :
কক্সবাজারের টেকনাফে অপহরণের
শিকার আব্দুল মালেক (৩৫) নামে এক রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছে ২৫ নম্বর আলীখালী আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। অপহরণকারীরা তাঁর পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল বলে জানা গেছে।
সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে টেকনাফের ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের আলীখালী রাস্তার মাথা এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে তাঁকে ক্যাম্প কমিটি ও পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এপিবিএন সূত্রে জানা যায়, রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে আব্দুল মালেক লেদা বাজারের একটি ফার্মেসিতে ওষুধ আনতে গিয়ে নিখোঁজ হন। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় তাঁর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে তাঁর সন্ধান না পেয়ে তিনি অপহৃত হয়েছেন বলে ২৫ নম্বর আলীখালী এপিবিএন ক্যাম্পে জানানো হয়।
পরবর্তীতে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আব্দুল মালেকের মোবাইল ফোন নম্বর থেকে তাঁর বড় ভাই অমর ফয়সালের কাছে ফোন করে অপহরণকারীরা এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে অপহৃত আব্দুল মালেকের অবস্থান আলীখালী রাস্তার মাথা এলাকায় শনাক্ত করা হয়। পরে ২৫ নম্বর আলীখালী এপিবিএন ক্যাম্পের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।
উদ্ধার হওয়া আব্দুল মালেক ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের বি-০৬ ব্লকের বাসিন্দা। তাঁর পিতার নাম হারুন ও মাতার নাম সাহারা খাতুন।
উদ্ধার অভিযান শেষে তাঁকে ক্যাম্প কমিটি ও পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।