সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

তাজুর অব্যাহতি ঘিরে শ্রীমঙ্গল বিএনপিতে তোলপাড়, রাজপথে নেতাকর্মী

রিপোর্টারের নামঃ / ৪৫ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজুকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলীকে নতুন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় বিএনপিতে তীব্র অসন্তোষ ও উত্তেজনা দেখা দিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, রোববার মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক চিঠিতে মো. তাজ উদ্দিন তাজুকে পদ থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা, ঐক্য ও সুস্থ পরিবেশ বজায় রাখার স্বার্থে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও আবেদনের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। চিঠির অনুলিপি বিএনপির কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের সংশ্লিষ্ট নেতাদের কাছেও পাঠানো হয়েছে।
তবে পদ থেকে অব্যাহতির বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন মো. তাজ উদ্দিন তাজু। তিনি দাবি করেন, তাকে কোনো কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। এমনকি অব্যাহতির আনুষ্ঠানিক চিঠিও তিনি পাননি। দলীয় ফোরামে যথাযথ নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ না করেই তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, স্থানীয় এমপির উপস্থিতিতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সর্বসম্মত রেজুলেশন ও আবেদনের ভিত্তিতেই তাজ উদ্দিন তাজুর বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে জেলা বিএনপির পক্ষ থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হবে বলে জানান তিনি।
এদিকে তাজ উদ্দিন তাজুর অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার এবং তাকে স্বপদে বহালের দাবিতে সোমবার বিকেলে শ্রীমঙ্গল শহরে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে ‘পকেট কমিটি’ গঠনের উদ্দেশ্যেই অগঠনতান্ত্রিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা অবিলম্বে তাজ উদ্দিন তাজুর অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করে তাকে স্বপদে বহালের দাবি জানান।
সমাবেশে বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে যারা দলের আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলেন, তাদের বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তৃণমূল পর্যায়ে এর নেতিবাচক প্রভাব পড়বে। দলীয় ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় সব পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করারও আহ্বান জানান তারা।
সমাবেশ থেকে তাজ উদ্দিন তাজুর অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট নেতাদের কাছে স্মারকলিপি প্রদান, জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন, ঢাকায় রোডমার্চ এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি।
তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি এবং ইয়াকুব আলীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করার সিদ্ধান্তকে ঘিরে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তৃণমূলের নেতাকর্মীদের একটি অংশ সিদ্ধান্তের পক্ষে থাকলেও অপর একটি অংশ এর বিরোধিতা করে প্রকাশ্যে কর্মসূচিতে নেমেছে। ফলে বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপির রাজনীতিতে সামনে আরও আলোচনা ও পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কা তৈরি হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
17 August 2026

তাজুর অব্যাহতি ঘিরে শ্রীমঙ্গল বিএনপিতে তোলপাড়, রাজপথে নেতাকর্মী

www.promothalo.com
17 August 2026

তাজুর অব্যাহতি ঘিরে শ্রীমঙ্গল বিএনপিতে তোলপাড়, রাজপথে নেতাকর্মী

www.promothalo.com