সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ১৯টি মামলার এজাহারভুক্ত কুখ্যাত গরু চোর মো. লিটন ফকিরকে (৫০) গ্রেপ্তার করেছে তাড়াশ থানা পুলিশ। গত রবিবার রাতে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লিটন ফকির তাড়াশ পৌর শহরের দক্ষিণপাড়া এলাকার মৃত তফের ফকিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, লিটন ফকির দীর্ঘ দিন ধরে তাড়াশসহ আশপাশের বিভিন্ন এলাকায় গরু চুরির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৯টি মামলা রয়েছে।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ থানা পুলিশের একটি চৌকস দল আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর জানান, “১৯ মামলার কুখ্যাত আসামি লিটন ফকিরকে গতকাল রাতে আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাড়াশে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে পুলিশ অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে।”
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।