মুহাম্মদ ময়নুল হক
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে ওয়ারেছিয়া দরবার শরীফের উদ্যোগে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ৭টায় আয়োজিত এ জশনে জুলুসে বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও নবীপ্রেমিক জনতা অংশগ্রহণ করেন।
জশনে জুলুসে নেতৃত্ব দেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও ওয়ারেছিয়া দরবার শরীফের পীরে তরিকত ফোকারায়ে ওয়ারেছী সৈয়দ গোলাম ওয়ারেছ শাহ্ ওয়ারেছী তারেক পীর কেবলা।
সকাল ৭টায় জশনে জুলুস শুরু হলে অংশগ্রহণকারীরা দরুদ ও সালাম, নাতে রাসুল (দঃ) এবং বিভিন্ন ইসলামী স্লোগানে শাহজাদপুরের রাজপথ মুখরিত করে তোলেন। বর্ণাঢ্য জুলুসটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
জুলুস পরবর্তী আলোচনা ও মাহফিলে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (দঃ)-এর পবিত্র জীবন, আদর্শ, চরিত্র ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, মহানবী (দঃ)-এর প্রতি ভালোবাসা ও তাঁর আদর্শ অনুসরণ মুসলমানের জীবনে শান্তি, নৈতিকতা ও কল্যাণ বয়ে আনে।
আয়োজকরা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে জশনে জুলুস আয়োজনের মূল উদ্দেশ্য হলো মহানবী হযরত মুহাম্মদ (দঃ)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের পাশাপাশি তাঁর পবিত্র জীবনাদর্শ ও সুন্নাহর শিক্ষা মানুষের মাঝে তুলে ধরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে মিলাদ কিয়াম দোয়া ও মোনাজাত করা হয়।