নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিকূল আবহাওয়া ও বিরামহীন বৃষ্টিকে উপেক্ষা করে শনিবার (২ মে) বিকেলে জেলার প্রাণকেন্দ্র চৌমুহনা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কুসুমবাগ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, “চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর জাতি আশা করেছিল, বর্তমান সরকার ফ্যাসিবাদের পথে হাঁটবে না। কিন্তু বাস্তবে তারা অতীত থেকে শিক্ষা না নিয়ে ক্ষমতায় গিয়েই একই পথে এগোচ্ছে।”
বক্তারা অভিযোগ করেন, দেশ পরিচালনায় চরম অব্যবস্থাপনার কারণে জনগণ চরম দুর্ভোগে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করার চেষ্টা চলছে বলেও তারা মন্তব্য করেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “জুলাই শহীদদের রক্তে রঞ্জিত এ দেশে কোনো নব্য ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না।”
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা মো. ইসলাম উদ্দিন, এনসিপি জেলা যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী বলেন, “বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তালবাহানা করছে এবং জাতীয় ইস্যুগুলোতে ভিন্নমুখী অবস্থান নিচ্ছে। এর প্রতিবাদেই ১১ দলীয় ঐক্যজোট আজকের এই গণমিছিলের আয়োজন করেছে।”
তিনি আরও বলেন, “দেশের জনগণ ও ছাত্র-যুবকরা রক্ত দিয়ে একটি পরিবর্তনশীল বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্নকে বিনষ্ট করে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
তিনি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন এবং ঐক্য কমিশনের সিদ্ধান্তসমূহ গ্রহণের দাবি জানান। অন্যথায়, অতীতের গণআন্দোলনের মতো আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।