বাঁশখালীতে ৭ম কাব ক্যাম্পুরী ২০২৬-এর মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
মোহাম্মদ আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি বাঁশখালী
“কার স্কাউটিং করবো, সমৃদ্ধ জীবন গড়বো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস এর উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা-এ অনুষ্ঠিত হয়েছে ৭ম কাব ক্যাম্পুরী ২০২৬-এর মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান।
শনিবার (২৬ এপ্রিল ২০২৬ খ্রি.) বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব স্কাউট সদস্যরা অংশগ্রহণ করে দিনব্যাপী নানা শিক্ষামূলক, শারীরিক ও বিনোদনমূলক কার্যক্রমে অংশ নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকন, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদ সাইফুল্লাহ, কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী ও জিএম সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার হাসান আল মামুন, অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— স্কাউটস কমিশনার মোহাম্মদ জয়নাল আবেদীন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা স্কাউটসের সম্পাদক আবু নোমান ও যুগ্ম সম্পাদক আরিফ মোর্শেদ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, স্কাউটিং শিশু-কিশোরদের শৃঙ্খলা, নৈতিকতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, সুশৃঙ্খল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
দিনব্যাপী আয়োজিত ক্যাম্পুরীতে কাব স্কাউটদের অংশগ্রহণে নানা কার্যক্রম শেষে সফলভাবে সমাপনী অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা স্কাউটস নেতৃবৃন্দ জানান, এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের আত্মবিশ্বাস বৃদ্ধি, দেশপ্রেম জাগ্রত এবং সৃজনশীল মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।