রুহুল আমিন,মানিকগঞ্জ
মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকার হৃদরোগে আক্রান্ত শিশু সিনথিয়া আক্তারের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছে সাত্তার ফাউন্ডেশন। মানবিক উদ্যোগের অংশ হিসেবে তার হার্টের অপারেশনের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সিনথিয়া আক্তার (৮) সিংগাইর পৌরসভার আজিমপুর এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে। চিকিৎসকদের মতে, তার হৃদপিণ্ডে দুটি ছিদ্র রয়েছে এবং দীর্ঘদিন ধরে সে হৃদরোগে ভুগছে। উন্নত চিকিৎসার জন্য আগামী এপ্রিল মাসে তার হার্টের অপারেশন করার পরিকল্পনা রয়েছে। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পরিবারের আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় অপারেশনের ব্যয় বহন করা তাদের জন্য কঠিন হয়ে পড়ে। বিষয়টি জানার পর সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট দানশীল ব্যক্তি ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুস সাত্তার খান শিশুটির চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব সুজন মোল্লা সিনথিয়ার পরিবারের কাছে এই অর্থ তুলে দেন।
সিনথিয়ার মা জানান, তার মেয়ের হার্টে দুটি ছিদ্র ধরা পড়েছে এবং চিকিৎসকরা দ্রুত অপারেশনের পরামর্শ দিয়েছেন। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকা খরচ হবে, যা তাদের পরিবারের পক্ষে জোগাড় করা খুবই কঠিন। সাত্তার ফাউন্ডেশন পাশে দাঁড়ানোয় তারা অনেক সাহস পেয়েছেন। তিনি মেয়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
সহায়তা পেয়ে সিনথিয়ার পরিবার সাত্তার ফাউন্ডেশন ও এর চেয়ারম্যান আব্দুস সাত্তার খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুস সাত্তার খান বলেন, অসহায় ও রোগগ্রস্ত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদেরও এমন মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।