খোরশেদ আলম, নওগাঁঃ
নওগাঁর আত্রাইয়ে যাত্রীবেশে অটোভ্যানে উঠে চালককে লোহার রড দিয়ে আঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় হৃদয় হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া অটোভ্যানটিও উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অপর ব্যক্তি পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে অটোভ্যানচালক মো. মেহেদী হাসান মোস্তাক (২৪), পিতা আব্দুল আজিজ প্রামাণিক, গ্রাম মহাদীঘি, থানা আত্রাই, জেলা নওগাঁ—আহসানগঞ্জ রেলস্টেশনে অবস্থানকালে অজ্ঞাতনামা দুই ব্যক্তি ১২০ টাকা ভাড়া চুক্তিতে ভোপাড়া বাজারে যাওয়ার কথা বলে তার অটোভ্যানে ওঠেন। সেখানে দুই-তিন মিনিট অপেক্ষার পর যাত্রীদের নিয়ে পুনরায় আত্রাইয়ের দিকে ফেরার পথে কাশিয়াবাড়ী ঈদগাহ মাঠসংলগ্ন পাকা সড়কে পৌঁছালে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ সময় যাত্রীবেশে থাকা ব্যক্তিদের একজন পেছন থেকে লোহার রড দিয়ে চালক মেহেদী হাসান মোস্তাকের মাথায় আঘাত করে রক্তাক্ত গুরুতর জখম করেন। অপর ব্যক্তি হাত দিয়ে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। এ সুযোগে দুর্বৃত্তরা অটোভ্যানটি ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
ঘটনাটি দেখতে পেয়ে এক মোটরসাইকেল আরোহী পথচারী টহলরত পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছিনতাই হওয়া অটোভ্যানসহ হৃদয় হোসেন (২০), পিতা মোহাম্মদ রাহান সরদার, গ্রাম ইসলামগাথী, থানা আত্রাই, জেলা নওগাঁকে গ্রেপ্তার করে। এ সময় তার সঙ্গে থাকা অপর ব্যক্তি পালিয়ে যায়।
এ ঘটনায় আত্রাই থানায় দস্যুতার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অপর আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।