মাজিবুল হক :
কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দক্ষিণ খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজারের পান বাজার সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসআরবি-১৫-এর সিপিএসসি-এর একটি আভিযানিক দল রামু থানা এলাকায় টহল দিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পান বাজার সড়কে মাদক কারবারিদের অবস্থানের খবর পেয়ে সেখানে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালানো হয়। অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকার আমিনুল হক (২৬), পশ্চিম মরিচ্যা এলাকার এহসানুল করিম (২৬) এবং একই ইউনিয়নের পাতাবাড়ী এলাকার রশিদ আহমদ (৩৪)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে অবৈধ পথে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে পরিবহন ও কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি-১৫।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবা ও অটোরিকশা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উদ্ধার করা আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।