রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

লিঙ্গ-নিরপেক্ষ আইন প্রণয়নের দাবিতে আন্তর্জাতিক পুরুষ দিবস পালন

Md Shahidul islam / ১৬০ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

‘ভবিষ্যৎ সবার’ প্রতিপাদ্যে এইড ফর মেন ফাউন্ডেশনের র‍্যালি ও সেমিনার

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদকঃ

ঢাকা: ‘ভবিষ্যৎ সবার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশে লিঙ্গ-নিরপেক্ষ আইন প্রণয়ন, আইনি বৈষম্য দূরীকরণ এবং নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য সমান ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে আন্তর্জাতিক পুরুষ দিবস পালন করেছে সামাজিক ও মানবাধিকার সংগঠন এইড ফর মেন ফাউন্ডেশন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দিনব্যাপী র‍্যালি, পথসভা ও সেমিনারের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

আন্তর্জাতিক পুরুষ দিবসের এবারের বৈশ্বিক প্রতিপাদ্য ‘The Future Is Everyone’ (ভবিষ্যৎ সবার)-এর সঙ্গে সংহতি প্রকাশ করে আয়োজিত কর্মসূচির উদ্বোধন ও সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং এইড ফর মেন ফাউন্ডেশনের আইন উপদেষ্টা অ্যাডভোকেট কাউসার হোসাইন। সকাল ১০টায় উদ্বোধনী পর্ব শেষে জাতীয় প্রেস ক্লাব ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে বর্ণাঢ্য র‍্যালি প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত পথসভা ও সেমিনার সঞ্চালনা করেন সংগঠনের ঢাকা জেলা কমিটির সভাপতি হাদিউজ্জামান পলক।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ক্যাম্পাস সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টারের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকার সম্পাদক ড. এম হেলাল বলেন, আন্তর্জাতিক পুরুষ দিবসের তাৎপর্য কেবল সভা-সমাবেশের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; এর বার্তা বাংলার প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। লোকলজ্জা ও প্রচলিত আইনের বৈষম্যের কারণে অসংখ্য পুরুষ পারিবারিক নির্যাতন এবং মিথ্যা মামলার শিকার হয়ে ঘরে-বাইরে মানবেতর জীবনযাপন করছেন বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, অভিযোগের ভিত্তিতে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই পুরুষকে গ্রেপ্তারের বিধান মৌলিক অধিকারের পরিপন্থী। এ ধরনের আইনি সুযোগের অপব্যবহারে কাবিন ব্যবসার মতো অপতৎপরতা বাড়ছে বলেও তিনি দাবি করেন। আইনি বৈষম্য দূর করে লিঙ্গ-নিরপেক্ষ আইন প্রণয়নে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন তিনি।

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম ২০২৬ সালের আন্তর্জাতিক প্রতিপাদ্য ‘ভবিষ্যৎ সবার’-এর সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশের প্রেক্ষাপটে লিঙ্গ-নিরপেক্ষ আইনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরাও বিশ্বাস করি, ভবিষ্যৎ সবার। কিন্তু দেশে প্রকৃত সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে লিঙ্গ-নিরপেক্ষ আইন প্রণয়ন জরুরি। অপরাধ ও বিচারের ক্ষেত্রে নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য সমান আইন এবং সমান শাস্তির বিধান থাকতে হবে। একতরফা আইনের অপব্যবহারে নিরপরাধ পুরুষদের বৈষম্য ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে তিনি সবার জন্য সমান আইনি সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

কর্মসূচিতে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মনজুর হোসেন ঈসা, বিডি ট্যুরিস্ট সাইক্লিস্টের প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম টুববুস, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা সেক্রেটারি মহিউদ্দিন খোকন, আলমগীর হোসেন, ইয়াসির আরাফাত, সংগঠনের এক্সিকিউটিভ মেম্বার আশিকুজ্জামান ও নুরুজ্জামান এবং সদস্য রাকিবসহ শতাধিক নেতাকর্মী।

বক্তারা বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে পুরুষের অবদান অনস্বীকার্য। অথচ তাঁদের অভিযোগ, রাষ্ট্রীয় ও আইনি কাঠামোয় পুরুষরা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। একটি সুস্থ, ভারসাম্যপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় প্রচলিত আইনের বৈষম্যমূলক প্রয়োগ বন্ধ, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রতিরোধ এবং বিচারপ্রক্রিয়ায় নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে প্রচলিত আইন পর্যালোচনা ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে লিঙ্গ-নিরপেক্ষ আইন প্রণয়নের আহ্বান জানান তাঁরা।

সমাপনী বক্তব্যে সভাপতি অ্যাডভোকেট কাউসার হোসাইন বলেন, লিঙ্গ-নিরপেক্ষ আইন প্রণয়ন এবং পুরুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় এইড ফর মেন ফাউন্ডেশনের চলমান আইনি ও সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে। তিনি কর্মসূচিতে অংশগ্রহণকারী অতিথি, বক্তা, সংগঠনের নেতাকর্মী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
19 November 2026

লিঙ্গ-নিরপেক্ষ আইন প্রণয়নের দাবিতে আন্তর্জাতিক পুরুষ দিবস পালন

www.promothalo.com
19 November 2026

লিঙ্গ-নিরপেক্ষ আইন প্রণয়নের দাবিতে আন্তর্জাতিক পুরুষ দিবস পালন

www.promothalo.com