রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধের জেরে রাউজানে ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাত, আইসিইউতে ভর্তি

প্রমথ আলো / ৫৯ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও প্রকাশকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ মুরাদ (৩৫) নামে এক ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। বাজারের ভেতরে ধাওয়া করে একাধিকবার ছুরিকাঘাত করা হয় তাঁকে। প্রাণ বাঁচাতে বিভিন্ন দোকানে আশ্রয় নিয়েও শেষ পর্যন্ত রক্ষা পাননি ওই ব্যবসায়ী। হামলার সময় জীবনভিক্ষা চেয়ে তাঁর আকুতির দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজারের আমির মার্কেটে এ ঘটনা ঘটে। আহত মুরাদ পটিয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং ওই মার্কেটের একটি কাপড়ের দোকানের মালিক। এ ঘটনায় অভিযুক্ত যুবকের নাম মোহাম্মদ সাব্বির (৩২)। তিনিও একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই পরিবারের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। এর মধ্যে সম্প্রতি মুরাদের ছোট ভাই মোহাম্মদ মানিক (২৬) সাব্বিরকে নিয়ে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন। বিষয়টি নিয়ে মানিক ও সাব্বিরের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।

ঘটনার দিন সন্ধ্যায় মুরাদের দোকানে ভিডিও প্রকাশের বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মানিক পাথর দিয়ে সাব্বিরের মাথায় আঘাত করে ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানা গেছে। পরে সাব্বির ছুরি ও লোহার পাত নিয়ে মার্কেটে ফিরে এসে মানিককে খুঁজতে থাকেন। এ সময় হামলার আশঙ্কায় মুরাদ দোকান থেকে বের হয়ে পাশের দোকানে আশ্রয় নেন। কিন্তু অভিযুক্ত যুবক তাঁকে ধাওয়া করে এক দোকান থেকে অন্য দোকানে যেতে বাধ্য করেন।

একপর্যায়ে মুরাদকে ধরে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামলার সময় অভিযুক্ত ব্যক্তি ফেসবুকে প্রকাশিত ভিডিওটি মুছে ফেলার জন্য চাপ দিচ্ছিলেন। অন্যদিকে আহত ব্যবসায়ী প্রাণ বাঁচাতে আকুতি জানিয়ে বলেন, ‘আমাকে আর মারিস না।’ পাশাপাশি তিনি তাঁর ভাইকে দিয়ে ভিডিওটি মুছে ফেলার ব্যবস্থা করার আশ্বাসও দেন।

মুরাদের চাচা এটিএম নাসিম উদ্দিন জানান, পারিবারিক কিছু বিষয় নিয়ে মানিক ও সাব্বিরের মধ্যে বিরোধ চলছিল। ফেসবুকে ভিডিও প্রকাশের পর সেই বিরোধ আরও তীব্র হয়। প্রথমে মানিককে লক্ষ্য করে উত্তেজনা তৈরি হলেও পরবর্তী সময়ে মুরাদের ওপর হামলার ঘটনা ঘটে।

আহত মুরাদকে উদ্ধার করে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, ফেসবুকে ভিডিও প্রকাশকে কেন্দ্র করে মুরাদের ভাই মানিকের সঙ্গে সাব্বিরের বিরোধের সূত্রপাত। প্রাথমিকভাবে এ বিরোধকেই হামলার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, অভিযুক্ত সাব্বির এর আগে একটি মারামারির মামলায় কারাগারে ছিলেন এবং প্রায় এক সপ্তাহ আগে জামিনে মুক্তি পান।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত সাব্বির পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ফেসবুকে একটি ভিডিও প্রকাশকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে প্রকাশ্য বাজারে এমন সহিংসতার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
16 November 2026

ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধের জেরে রাউজানে ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাত, আইসিইউতে ভর্তি

www.promothalo.com
16 November 2026

ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধের জেরে রাউজানে ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাত, আইসিইউতে ভর্তি

www.promothalo.com