দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সুনামগঞ্জের তাহিরপুর বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬। নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে জমে উঠেছে প্রার্থীদের তৎপরতা। মনোনয়নপত্র সংগ্রহ, ভোটারদের সঙ্গে যোগাযোগ ও নানা প্রচার-প্রচারণায় সরব হয়ে উঠেছে ব্যবসায়ী মহল।
আসন্ন নির্বাচনে অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী নাছির মিয়া। বুধবার (১১ নভেম্বর) দুপুরে গ্রুপের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলীর কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নিজের অবস্থান জানান দিলেন নাছির মিয়া। অর্থ সম্পাদক পদে তার প্রার্থিতা ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এদিকে প্রার্থীরা ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, মতবিনিময় ও কুশল বিনিময়ের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরছেন।
দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এবার ভোটারদের মধ্যেও দেখা যাচ্ছে বাড়তি উৎসাহ-উদ্দীপনা। তালিকাভুক্ত ৩৬৪ জন ভোটারকে ঘিরে চলছে নানা হিসাব-নিকাশ। সংগঠনের স্বার্থ রক্ষা, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, ব্যবসায়ীদের অধিকার প্রতিষ্ঠা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা নিয়ে প্রার্থীদের মূল্যায়ন করছেন ভোটাররা।
ব্যবসায়ীদের মতে, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হলে সংগঠনের কার্যক্রমে নতুন গতি আসবে। পাশাপাশি কয়লা ও চুনাপাথর আমদানিকারকদের বিভিন্ন সমস্যা সমাধান এবং পারস্পরিক ঐক্য বজায় রাখার ক্ষেত্রেও নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন কমিটি আগামী দুই বছর সংগঠনের দায়িত্ব পালন করবে।
সব মিলিয়ে দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত অর্থ সম্পাদক পদে নাছির মিয়াসহ অন্যান্য পদপ্রার্থীদের মধ্যে কারা ভোটারদের সমর্থন নিয়ে বিজয়ী হন।