সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

টেকনাফে মাদকের চালান নিয়ে বিরোধের জেরে হত্যার অভিযোগ, আহত ২ উদ্ধার

মাজিবুল হক / ৫৯ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

 

মাজিবুল হক :

কক্সবাজারের টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে চারজনকে ধরে নিয়ে পাহাড়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। এতে মোক্তার কামাল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও দুজনকে। এ ঘটনায় তাঁদের সঙ্গে থাকা অপর একজন এখনো নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন আহতদের একজন।
বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী বন বিট অফিসসংলগ্ন এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বন বিট অফিসের পাশে কয়েকজনকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তাঁদের উদ্ধার করতে গিয়ে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত মোক্তার কামাল হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা এলাকার বাসিন্দা।
এ সময় আহত অবস্থায় উদ্ধার করা হয় হোয়াইক্যং ইউনিয়নের তুলাতুলী এলাকার আবুল হোসেনের ছেলে ইলিয়াস এবং একই এলাকার বাসিন্দা আলী আহমদকে।
আহত ইলিয়াসের দাবি, মাদকের একটি চালান চেকপোস্ট পার করে হোয়াইক্যংয়ের দৈংগ্যাকাটা পাহাড়ে অন্য একটি গ্রুপের কাছে হস্তান্তরের পথে ডাকাত দলের সদস্যরা সেটি ছিনিয়ে নেয়। পরে ছিনিয়ে নেওয়া চালানের ৭০ হাজার টাকা উদ্ধার করা হলেও বাকি ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ওঠে।
তিনি জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলে হোয়াইক্যংয়ের তুলাতুলী এলাকার মিজান সোমবার রাতে বিচারের কথা বলে তাঁদের চারজনকে হ্নীলার একটি গ্রুপের হাতে তুলে দেন। পরে ওই গ্রুপের সদস্যরা তাঁদের পাহাড়ে নিয়ে ব্যাপক মারধর করেন। এ সময় নির্যাতনকারীদের হাতে অস্ত্র ছিল বলেও দাবি করেন তিনি।
ইলিয়াসের ভাষ্য অনুযায়ী, নির্যাতনের একপর্যায়ে মোক্তার কামালের মৃত্যু হয়। পরে তিনি ও আলী আহমদ আহত অবস্থায় উদ্ধার হলেও তাঁদের সঙ্গে থাকা অপর ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি। মাদকের ওই চালানের মালিক হ্নীলা এলাকার এক মাদক কারবারি বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই সময় ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
04 November 2026

টেকনাফে মাদকের চালান নিয়ে বিরোধের জেরে হত্যার অভিযোগ, আহত ২ উদ্ধার

www.promothalo.com
04 November 2026

টেকনাফে মাদকের চালান নিয়ে বিরোধের জেরে হত্যার অভিযোগ, আহত ২ উদ্ধার

www.promothalo.com