সিংড়ার চৌগ্রামকে মডেল ইউনিয়ন গড়তে চান অ্যাডভোকেট জাকির হোসেন টিপু
বেল্লাল হোসেন বাবু, সহকারী বার্তা সম্পাদক :
নাটোরের সিংড়া উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নকে আধুনিক, উন্নত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলতে চান চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব অ্যাডভোকেট মো. জাকির হোসেন টিপু। সুষম উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিত, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) প্রকাশিত এক নির্বাচনী বার্তায় অ্যাডভোকেট জাকির হোসেন টিপু দল-মত, ধর্ম-বর্ণনির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ, সম্প্রীতিপূর্ণ ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি জানান, নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনুর পরিকল্পনা অনুসরণ করে চৌগ্রাম ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান।
তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সুষম উন্নয়ন নিশ্চিত করা, মসজিদ-মন্দির, কবরস্থান ও শ্মশানের উন্নয়ন এবং স্থানীয় রাস্তাঘাটের টেকসই সংস্কার। পাশাপাশি চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চৌগ্রাম থেকে স্থাপনদিঘী বাজার পর্যন্ত রাত ১১টা পর্যন্ত টহলব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। ইউনিয়নের প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার, সামাজিক মর্যাদা ও সম্মান নিশ্চিত করার অঙ্গীকারও করেন এই চেয়ারম্যান পদপ্রার্থী।
নিজের ৪০ বছরের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে অ্যাডভোকেট জাকির হোসেন টিপু দাবি করেন, তিনি কখনো চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাস, জমি-পুকুর দখল কিংবা গ্রাম্য সালিশের নামে অর্থ আত্মসাতের মতো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণে সচেষ্ট থাকার কথাও জানান তিনি।
জানা গেছে, আলহাজ্ব অ্যাডভোকেট মো. জাকির হোসেন টিপু নাটোর জজ কোর্টের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অতিরিক্ত পিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং সিংড়া উপজেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি সাতবড়িয়া-কান্তনগর-ডোহাবাড়ি হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও ক্ষুদ্র বড়িয়া কবরস্থান কমিটির সভাপতি হিসেবে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তাঁর ভূমিকা রয়েছে।
চৌগ্রাম ইউনিয়নের উন্নয়ন, জননিরাপত্তা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়নে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা চেয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব অ্যাডভোকেট মো. জাকির হোসেন টিপু।