সিরাজগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি শেখ হাসিনার সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেওয়া সিরাজগঞ্জ-১ আসনের তৃণমূল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন আসনটির সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি কাজিপুর উপজেলা ও সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি, বাগবাটি, ছোনগাছা, মেছড়া ও বহুলী ইউনিয়নের নেতৃবৃন্দের প্রতি এ কৃতজ্ঞতা জানান।
পোস্টে তানভীর শাকিল জয় উল্লেখ করেন, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত ওই মতবিনিময় সভায় তৃণমূলের নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল ব্যাপক। তাদের ‘অক্লান্ত পরিশ্রমে’ সভাটি বৃহৎ ও সফল হয়েছে বলে দাবি করেন তিনি।
মতবিনিময় সভায় যারা বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান জয়। একই সঙ্গে যারা বক্তব্য দেওয়ার সুযোগ পাননি, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
নিজের পোস্টে তানভীর শাকিল জয় আরও বলেন, গত দুই বছর তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ‘মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির’ বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন। ভবিষ্যতেও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শেখ হাসিনার নির্দেশনায় সিরাজগঞ্জ-১ আসনকে ‘অজেয়-অপ্রতিরোধ্য’ করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পোস্টে তিনি সিরাজগঞ্জ-১ আসনকে শহীদ মনসুর আলী ও মোহাম্মদ নাসিমের স্মৃতিবিজড়িত এলাকা হিসেবে উল্লেখ করেন এবং তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তানভীর শাকিল জয়ের ওই ফেসবুক পোস্টের শেষাংশে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ এবং ‘জয়তু জননেত্রী শেখ হাসিনা’ স্লোগান উল্লেখ করা হয়।
উল্লেখ্য, প্রতিবেদনে উল্লিখিত সভা, এর অংশগ্রহণ এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্যগুলো তানভীর শাকিল জয়ের নিজের ফেসবুক পোস্টে দেওয়া বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে।