কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুরে লগি-বইঠা হাতে মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) কাজিপুরের সোনামুখি বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়ের নির্দেশনায় কাজিপুর উপজেলা আওয়ামী লীগের( কার্যক্রম নিষিদ্ধ) সকল সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিলটি আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৬০ থেকে ৭০ জনের একটি সুসংগঠিত দল লগি-বইঠা হাতে নিয়ে বাজার এলাকায় মিছিল বের করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি কিছুক্ষণ বাজার এলাকায় প্রদক্ষিণ করে পরে অংশগ্রহণকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
মিছিলকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও তাৎক্ষণিকভাবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।