বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

সিংড়ার চলনবিলে বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

শামসুজ্জোহা / ৪১ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : নাটোরের সিংড়া উপজেলার বিস্তীর্ণ চলনবিলে নৌকায় করে খড় নিয়ে বাড়ি ফেরার পথে বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফরহাদ আলী (৪৫) নামে এক খড় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের শহরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ আলী ডাহিয়া ইউনিয়নের কাউয়াটিকড়ী গ্রামের আতাহার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে খড়ের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমে চলনবিলের বিভিন্ন এলাকায় কৃষকদের সংরক্ষিত বোরো ধানের খড় কেনাবেচা হয়। প্রতিদিনের মতো সোমবার সকালে ফরহাদ আলীও শহরবাড়ী এলাকায় খড় কিনতে যান। পরে নৌকায় খড় বোঝাই করে নিজ এলাকায় ফেরার পথে নৌকাটি বিলের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের নিচ দিয়ে অতিক্রম করছিল।

এ সময় হাতে থাকা লগি দিয়ে নৌকা চালানোর একপর্যায়ে লগিটি ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে মুহূর্তের মধ্যে ফরহাদ আলী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে সিংড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, চলনবিলের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের কিছু অংশ নৌযান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নৌপথে চলাচলকারী মানুষের নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইনগুলো দ্রুত চিহ্নিত করে উচ্চতা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। তাঁদের মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
17 August 2026

সিংড়ার চলনবিলে বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

www.promothalo.com
17 August 2026

সিংড়ার চলনবিলে বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

www.promothalo.com