বিশ্বনাথ প্রতিনিধি::
সিলেটের বিশ্বনাথ উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের এক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগী আব্দুল হক, যিনি উপজেলা ছাত্রলীগের অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন, বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুসাইন আহমেদ প্রবেল এর নেতৃত্বে একদল সন্ত্রাসী তার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এসময় তার মা সহ পরিবারের অন্যান্য সদস্যদের মারধর করা হলে তারা গুরুতর আহত হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের দাবি, রাজনৈতিক বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি আব্দুল হক দেশে ফিরলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এখন পর্যন্ত প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার, বিচার নিশ্চিত করা এবং তাদের নিরাপত্তা দেওয়ার জোর দাবি জানানো হয়েছে।