লাকসামে ত্যাগী নেতাদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন, হাইব্রিডদের দখলদারিত্বের অভিযোগ!
রবিউল হোসাইন সবুজ , লাকসাম (কুমিল্লা):
লাকসাম উপজেলা বিএনপির রাজনীতিতে ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না হওয়া এবং “হাইব্রিড” নেতাদের দখলদারিত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন দলটির তৃণমূল নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা যায়, বিগত ১৭ বছর যখন রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত ছিল, তখন ব্যানার-পোস্টার তো দূরের কথা, মিটিং-মিছিলে অংশগ্রহণের মতো লোকজনও পাওয়া যেত না। সে সময় লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টি আর হারুন জীবনঝুঁকি নিয়ে রাজপথে সক্রিয় ছিলেন। মামলা-হামলা, নির্যাতন ও রক্তক্ষয়ী পরিস্থিতির মধ্যেও তিনি দলীয় কার্যক্রম চালিয়ে যান।
তবে বর্তমান পরিস্থিতিতে অভিযোগ উঠেছে, সেই দুঃসময়ে অনুপস্থিত থাকা কিছু ব্যক্তি এখন দলীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করছে। ত্যাগ ও সংগ্রামের সাথে সম্পৃক্ত না থাকা এসব “হাইব্রিড” নেতারা গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে নিচ্ছেন বলে দাবি করেছেন অনেকেই।
স্থানীয় নেতাকর্মীদের মতে, যারা দীর্ঘদিন ধরে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, তারাই এখন অবহেলিত ও কোণঠাসা অবস্থায় রয়েছেন। এতে দলীয় শৃঙ্খলা ও তৃণমূলের মনোবলে নেতিবাচক প্রভাব পড়ছে।
এদিকে, লাকসাম আজগরা ইউনিয়নের সাধারণ জনগণ ও বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ টি আর হারুনকে ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের দাবি, দীর্ঘদিনের ত্যাগী এ নেতাকে যথাযথ মূল্যায়ন করে গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা সময়ের দাবি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ত্যাগী নেতাদের মূল্যায়ন না করলে দলীয় ঐক্য ও ভবিষ্যৎ নেতৃত্ব সংকটে পড়তে পারে। ইতিহাসও এ ধরনের অবমূল্যায়নকে ইতিবাচকভাবে গ্রহণ করে না বলে তারা মনে করেন।।