মাজিবুল হক :
কক্সবাজারের টেকনাফে মাদক সেবনের দায়ে ওমর ফারুক (২৬) নামে এক রোহিঙ্গা যুবককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৪-এর সিআইসি কার্যালয়ে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ওমর ফারুক ক্যাম্প-২৪-এর বি (এলএমএস) ব্লকের বাসিন্দা। তিনি আব্দুল্লাহর ছেলে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে লেদা এপিবিএন ক্যাম্পের একটি মোবাইল টহল দল ক্যাম্প-২৪-এর বি (এলএমএস) ব্লকে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় আব্দুল্লাহর শেডের সামনে কয়েকজন রোহিঙ্গাকে মাদক সেবন করতে দেখে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ওমর ফারুককে আটক করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি সেখানে বসে ইয়াবা সেবনের কথা স্বীকার করেছেন বলে জানানো হয়। এ ছাড়া তাঁর বাবা-মা অভিযোগ করেন, তিনি বিভিন্ন সময়ে মাদকের টাকা চেয়ে তাঁদের মারধর করতেন।
পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে ক্যাম্প-২৪-এর সিআইসি কার্যালয়ে হাজির করা হয়। সেখানে সিআইসি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নান জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তাঁকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।