মাজিবুল হক :
কক্সবাজারের লিংক রোড এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। এ সময় মাদক বিক্রয়ে ব্যবহৃত একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের উত্তর মুহুরীপাড়া রেলক্রসিং-সংলগ্ন আলম মোটরসের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে স্থাপিত চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালাচ্ছিলেন ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় কক্সবাজারগামী স্টার লাইন পরিবহনের একটি এসি বাসে তল্লাশি করে আনুমানিক ১৮ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে বাস থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বান্দরবান সদর থানার কালাঘাটা এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে সুলতান আহমদ (৬৪), কক্সবাজারের উখিয়া থানার থাইংখালী জামতলী এলাকার মফিজুর রহমান ও দিলুয়ারা বেগমের মেয়ে রাজিয়া বেগম (২৮) এবং ফেনীর সোনাগাজী থানার আড়কাইম এলাকার মৃত আলী আহমদের ছেলে নুরুল আমিন (৫০)।
এসআরবি-১৫ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা গাঁজা ও মোবাইল ফোনসহ তাঁদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ব্যাটালিয়নটির সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।