টেকনাফে সিএনজি তল্লাশি, ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক
মাজিবুল হক :
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন কেরুনতলী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একজন মাদক কারবারিকে আটক করা হয়।
অভিযানে ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজি ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।