গাজীপুর প্রতিনিধি:
মাদ্রাসা জাতীয়করণসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের আহ্বানের মধ্য দিয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম গাজীপুর জেলা ও মহানগর শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়াম, পিটিআই, জয়দেবপুরে আয়োজিত সম্মেলনে এমপিওভুক্ত মাদ্রাসা জাতীয়করণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, ইবতেদায়ি শিক্ষার্থীদের উপবৃত্তি ও মিড-ডে মিল চালু, সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষা ভাতা প্রদানসহ বিভিন্ন দাবি তুলে ধরেন শিক্ষক-কর্মচারীরা।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজিজী বলেন, প্রত্যেক উপজেলায় অন্তত একটি মাদ্রাসা জাতীয়করণ করতে হবে। প্রত্যেক মাদ্রাসায় মিড-ডে মিল ও উপবৃত্তি চালু, শিক্ষা ভাতা প্রদান এবং শতভাগ উৎসব ভাতা নিশ্চিত করতে হবে। সরকারি কর্মচারীদের মতো চিকিৎসা ভাতা ও নবম পে-স্কেল অনুযায়ী অন্যান্য ভাতা দেওয়ার দাবিও জানান তিনি।
তিনি বলেন, শিক্ষকরা সন্তানদের শিক্ষা ব্যয় বহন করলেও তাদের জন্য শিক্ষা ভাতা দেওয়া হচ্ছে না। এ ভাতা চালু করতে হবে। বৈশাখী ভাতা নিয়ে কোনো ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না। একই সঙ্গে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার সমস্যার সমাধান এবং বদলির জন্য আবেদনকারী প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধানসহ সব শিক্ষকের দ্রুত বদলির আদেশ জারির দাবি জানান তিনি।
দাবিগুলো বাস্তবায়ন না হলে মাদ্রাসা অধিদপ্তরের সামনে শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচির কথাও জানান প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজিজী। তিনি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈষম্য দূর করে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের মহাসচিব প্রিন্সিপাল মো. আলাউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও শেরপুর জেলা কমিটির আহ্বায়ক প্রিন্সিপাল জামাল উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও টাঙ্গাইল জেলা কমিটির আহ্বায়ক প্রিন্সিপাল মফিজুল ইসলাম, কালীগঞ্জ দুর্বাটি এম ইউ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ রুহুল আমিন আজাদী, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল মোজাম্মেল হক এবং ঢাকা জেলা কমিটির আহ্বায়ক প্রিন্সিপাল মো. ইব্রাহিম খলিল।
এ ছাড়া সম্মেলনে যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ মোহাম্মাদ আলী দেওয়ান, অধ্যক্ষ নুরুন্নবী পাঠায়োরী, অধ্যক্ষ জালাল উদ্দীন, অধ্যক্ষ আব্দুর রশিদ দেওয়ান, অধ্যক্ষ তাজুল ইসলাম, অধ্যক্ষ ফজলুল করিম, অধ্যক্ষ আতাউল হক, অধ্যক্ষ জাহাঙ্গীর কবির, অধ্যক্ষ আব্দুল আলিম, অধ্যক্ষ নুরুল ইসলাম, অধ্যক্ষ আনিছুর রহমান রতন, উপাধ্যক্ষ হাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মচারীরা বক্তব্য দেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহসভাপতি প্রিন্সিপাল লোকমান হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি প্রিন্সিপাল মোবারক হোসেন।
সম্মেলনের শেষ পর্যায়ে অধ্যক্ষ লোকমান হোসেনকে সভাপতি ও অধ্যক্ষ মাসুদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম গাজীপুর মহানগর কমিটি এবং অধ্যক্ষ মোবারক হোসেনকে সভাপতি ও অধ্যক্ষ মোজাম্মেল হককে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট গাজীপুর জেলা কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে বক্তারা মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বিদ্যমান সমস্যা ও বৈষম্য নিরসন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।