মোঃ জাকিরুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম।
চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হাটহাজারী সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী মাহিনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু।
আজ (৭ সেপ্টেম্বর) রোজ সোমবার হাটহাজারী উপজেলাধীন ১৪ নং নাঙ্গলমোড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মুকিম চৌধুরী বাড়ির মাহবুবুল বশরের একমাত্র সন্তান মাহিন (২০) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
জানা যায়, গত ২রা সেপ্টেম্বর রোজ (বুধবার) হাটহাজারী উপজেলাধীন চারিয়া বোর্ড স্কুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়,পরীক্ষা দিতে যাওয়ার সময় চারজন কলেজ শিক্ষার্থীকে বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিনসহ চারজন শিক্ষার্থী আহত হন।
উক্ত দুর্ঘটনায় মাহিন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
বাবা-মার আশা ছিল চিকিৎসা শেষে তাদের একমাত্র সন্তান ঘরে ফিরবে কিন্তু সেই আশাকে নিরাশা করে আজ সোমবার সকালে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মাহিনের এই অকাল মৃত্যুতে নাঙ্গলমোড়া ও আশেপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে চলছে শোকের মাতম।
আজ মাগরিবের নামাজের পর জানাজার শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।