রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় নুরুল ইসলাম টিটু নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের জলিলনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত নুরুল ইসলাম টিটু বিনাজুরী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দীন জানান, জলিলনগর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক নুরুল ইসলাম টিটুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।বেপরোয়া গাড়ি চলাচল বন্ধের দাবি দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা সড়কে নৈরাজ্য ও বেপরোয়া গাড়ি চলাচল বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।বিক্ষোভের কারণে দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত জলিলনগর মোড়ের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।পরে থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। এরপর দুপুর দেড়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।স্থানীয়দের দাবি, জলিলনগর এলাকায় বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি পথচারীদের নিরাপদে সড়ক পারাপারের ব্যবস্থা জোরদার করা জরুরি।