মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী সুধী সমাবেশ ও জনসচেতনতামূলক র্যালি। শুক্রবার বিকেলে চট্টগ্রাম পুলিশ লাইন সিভিক সেন্টারে ‘মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সম্মিলিত অঙ্গীকার’ প্রতিপাদ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রশাসন, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা, আইনজীবী, শিক্ষক-শিক্ষাবিদ, ধর্মীয় নেতা, পরিবহন মালিক-শ্রমিক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজীদ থেকে তেলাওয়াতের পাশাপাশি গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠ করা হয়। এর মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি ও সর্বজনীন মূল্যবোধের বার্তা তুলে ধরা হয়।
স্বাগত বক্তব্যে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম বলেন, মাদক কোনো ব্যক্তি বা পরিবারের একক সমস্যা নয়; এটি সমাজ, আইনশৃঙ্খলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় ধরনের হুমকি। মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যমসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
সমাবেশে বিশেষ অতিথিরা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার, মাদকের চাহিদা কমানো এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে মাদক ব্যবসা ও সরবরাহের বিরুদ্ধে সমন্বিত কার্যক্রম জোরদারের আহ্বান জানান তাঁরা।
প্রধান আলোচক চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম বলেন, মাদকবিরোধী কার্যক্রমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকের চাহিদা তৈরির কারণগুলোও চিহ্নিত করে তা মোকাবিলা করতে হবে।
প্রধান অতিথি ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি সামাজিক ও পারিবারিক সচেতনতা বাড়াতে হবে। মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
বক্তারা বলেন, শুধু অভিযান ও গ্রেপ্তারের মাধ্যমে মাদকের বিস্তার পুরোপুরি রোধ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সচেতনতা সৃষ্টি, পারিবারিক বন্ধন শক্তিশালী করা, নৈতিক শিক্ষা, তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরালো করা। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সমাবেশ থেকে মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন এবং পরিবারভিত্তিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়। তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
পরে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে একটি র্যালি বের করা হয়। এতে পুলিশ কর্মকর্তা ও সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালি থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং মাদকমুক্ত চট্টগ্রাম গড়ার আহ্বান জানানো হয়।
সমাবেশে বক্তারা প্রত্যয় ব্যক্ত করেন—মাদকের বিরুদ্ধে অবস্থান হবে সম্মিলিত, প্রতিরোধ হবে সামাজিক এবং অভিযান হবে আইনানুগ ও ধারাবাহিক। মাদকমুক্ত চট্টগ্রাম গড়ে তুলতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বস্তরের জনগণের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার কথাও জানানো হয়।