মো. শহিদুল ইসলাম বিশেষ প্রতিবেদকঃ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের দোসরদের দেশবিরোধী ষড়যন্ত্র, গুজব ছড়ানো এবং নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের নির্দেশনায় ৪২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ মাইনুদ্দিনের নেতৃত্বে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন।
কর্মসূচির শুরুতে নগরীর ৪২ নম্বর ওয়ার্ড থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নাসিরাবাদ মহিলা কলেজ মোড়ে সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জনবহুল এলাকা জিইসি মোড় এবং দুই নম্বর গেট প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ফ্যাসিবাদ ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি জিইসি এলাকার লর্ডস ইন হোটেলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রধান বক্তার বক্তব্যে তোফাজ্জল হোসেন বলেন, ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে বিতাড়িত ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং তাদের প্রেতাত্মারা এখনো দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। পলাতক ফ্যাসিবাদী শক্তি বিদেশে বসে এবং দেশের ভেতরে ঘাপটি মেরে থেকে নানাভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা রাজপথে থেকেই কঠোরভাবে প্রতিহত করবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা এবং ফ্যাসিবাদের যেকোনো অপতৎপরতা রুখে দিতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের প্রতিটি নেতাকর্মী অতন্দ্র প্রহরীর মতো সর্বদা প্রস্তুত রয়েছে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জিয়া সাইবার ফোর্সের সভাপতি ও মহানগর যুবদলের কর্মসংস্থানবিষয়ক সম্পাদক মো. আবু আহমেদ মিয়া, ৪২ নম্বর সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ মাঈনউদ্দিন, খুলশী থানা যুবদলের সদস্য ও ৪২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দিদার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবু সাকেন আরমান, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন ইকবাল, সদস্য মাজহারুল ইসলাম, ৪২ নম্বর ওয়ার্ড (ক-ইউনিট) স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ইমরান হোসেন তাহের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মো. ফারুক, যুগ্ম আহ্বায়ক শামীম, যুগ্ম আহ্বায়ক জসিম, আরমান, হারুন, নিলয় ও সবুজ প্রমুখ।
এ ছাড়া কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর, খুলশী থানা ও ৪২ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন পর্যায়ের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন। সভা শেষে নেতৃবৃন্দ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।