প্রায় দেড় যুগের দীর্ঘ অপেক্ষার পর আগামী ১২ ডিসেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত সুনামগঞ্জের তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন। দীর্ঘ সময় পর এই নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এবারের নির্বাচনে কার্যকরী সদস্য পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, মেসার্স সুমা এন্ড তিশা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আফলাকুল ইসলাম।
দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। সাধারণ ব্যবসায়ীদের আশা, এই নির্বাচনের মাধ্যমে যোগ্য ও নেতৃত্বদানকারী ব্যক্তিরা নির্বাচিত হয়ে ব্যবসায়ীদের অধিকার রক্ষা এবং সংগঠনের কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনবেন।
নির্বাচনকে ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে এক আন্তরিক ঐক্য। প্রার্থীর সমর্থনে সাধারণ ব্যবসায়ীরা জানান, আফলাকুল ইসলাম একজন সৎ, পরিশ্রমী ও ব্যবসাবান্ধব ব্যক্তিত্ব। তিনি সব সময় ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থেকেছেন। আমরা বিশ্বাস করি, কার্যকরী সদস্য হিসেবে তিনি নির্বাচিত হলে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের কার্যক্রমে স্বচ্ছতা আসবে এবং ব্যবসায়ীদের স্বার্থ আরও জোরালোভাবে রক্ষিত হবে।
নিজের প্রার্থিতা ও ব্যবসায়ীদের প্রত্যাশা নিয়ে আফলাকুল ইসলাম বলেন, “দীর্ঘ দেড় যুগ পর এই নির্বাচন আমাদের জন্য একটি বড় সুযোগ। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ও ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে আমি কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। যদি ব্যবসায়ীরা আমাকে তাঁদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে আমি আমদানিকারক গ্রুপের প্রতিটি সদস্যের অধিকার রক্ষা, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং তাহিরপুরের অর্থনৈতিক উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। আমি সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।”
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থী আফলাকুল ইসলামের পক্ষে প্রচারণা এবং সাধারণ ব্যবসায়ীদের অংশগ্রহণ ততই মুখর হয়ে উঠছে, যা পুরো তাহিরপুরজুড়ে নির্বাচনী আমেজকে আরও জমজমাট করে তুলেছে।