সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও বৈষম্যহীন ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, বর্তমান ইউপি সদস্য ও পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন তালুকদার।
নির্বাচনকে সামনে রেখে তিনি শ্রীপুর উত্তর ইউনিয়নের সর্বস্তরের আপামর জনসাধারণের কাছে দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। এলাকার যেকোনো মানুষের সুখে-দুঃখে এবং আপদ-বিপদে তাকে সবসময় পাশে পাওয়া গেছে বলে স্থানীয়রা জানান।
তার চেয়ারম্যান পদে লড়ার ঘোষণার পর থেকেই শ্রীপুর উত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। গ্রামের সাধারণ চা-স্টল থেকে শুরু করে স্থানীয় হাট-বাজার—সর্বত্রই এখন তাকে নিয়ে চলছে ইতিবাচক আলোচনা। এলাকার সচেতন মহলের অনেকেই মনে করছেন, দীর্ঘদিনের জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতা এবং রাজপথের পরীক্ষিত এই সঙ্গীকে আগামীতে চেয়ারম্যান হিসেবে পেলে শ্রীপুর উত্তর ইউনিয়ন একটি পরিকল্পিত ও আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরিত হবে।
চেয়ারম্যান পদপ্রার্থী মো. দেলোয়ার হোসেন তালুকদার তার এই নতুন যাত্রার বিষয়ে বলেন, “দীর্ঘদিন ধরে আমি জনগণের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। জনগণের আস্থার মর্যাদা রক্ষা করাই আমার প্রধান ব্রত। শ্রীপুর উত্তর ইউনিয়নকে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত, নাগরিকবান্ধব এবং একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আমি বিশ্বাস করি, দলমত নির্বিশেষে ইউনিয়নবাসীর সমর্থন ও ভালোবাসা নিয়ে আমরা একটি বৈষম্যহীন সমাজ গঠন করতে পারব।”
ইউনিয়নবাসীর প্রত্যাশা, আসন্ন নির্বাচনে দেলোয়ার হোসেনের এই প্রার্থিতা শ্রীপুর উত্তরে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করবে এবং এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।