মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

তাড়াশে দলিল জালিয়াতির মামলায় এক আসামি গ্রেপ্তার, আরেকজন পলাতক

মোঃ শামসুজ্জোহা / ৮০ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ২ নভেম্বর, ২০২৬

মোঃ শামসুজ্জোহা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: 

সিরাজগঞ্জের তাড়াশে জমি সংক্রান্ত বিরোধের জেরে কথিত জাল দলিল ব্যবহার, প্রতারণা ও হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় মিজানুর রহমান ওরফে মোজাম্মেল (৫০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ মামলার অপর আসামি মো. ইমরান হোসেন আপেল (৪১) পলাতক রয়েছেন বলে জানা গেছে।

গ্রেপ্তার মিজানুর রহমান উপজেলার সগুনা ইউনিয়নের হেমনগড় গ্রামের মৃত মেহের উদ্দিনের ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, তাড়াশ থানাধীন কাটাবাড়ী মৌজার একাধিক দাগে মোট ১২৪ শতাংশ জমি নিয়ে বিরোধের সূত্রপাত। অভিযোগকারীদের দাবি, জমিগুলোর মূল মালিক ছিলেন মৃত মেহের উদ্দিন ও তার পরিবারের সদস্যরা। পরবর্তীতে ২০১০ সালের ৩ জানুয়ারি তাড়াশ সাব-রেজিস্ট্রি অফিসে নিবন্ধিত ৮৩ নম্বর দলিলের মাধ্যমে ভুক্তভোগীর চাচা জমিগুলো ক্রয় করেন। এরপর জমির নামজারি সম্পন্ন, নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং চাষাবাদের মাধ্যমে জমি ভোগদখল করা হচ্ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী সগুনা ইউনিয়নের ধামাইচ গ্রামের জহুরুল ইসলাম জুয়েলের ছেলে শাহরিয়ার জয় জুয়েলের অভিযোগ, জমির অবস্থান প্রতিপক্ষের বাড়ির কাছাকাছি হওয়ায় তারা সম্পত্তিটি নিজেদের দাবি করে দখলের চেষ্টা করেন। এ সময় ৫৫৭ নম্বরের একটি কথিত দলিল সামনে আনা হয়, যা নিয়ে জালিয়াতির অভিযোগ ওঠে।

অভিযোগে আরও বলা হয়, দলিলটির তারিখ, টিপসইয়ের ক্রমিক নম্বর, জমির দাগসংক্রান্ত তথ্য এবং স্ট্যাম্প কেনার সময় নিয়ে অসংগতি রয়েছে। কথিত দলিলে নাটোরের সিংড়া উপজেলার ঠ্যাঙ্গা পাকুরিয়া মৌজার ৮৫০ নম্বর দাগের উল্লেখ থাকলেও সেখানে এমন দাগের অস্তিত্ব নেই বলে দাবি করা হয়েছে। এ ছাড়া দলিলের নিবন্ধনের তারিখের পর স্ট্যাম্প কেনার বিষয়টিও সন্দেহের কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। এসব বিষয়ে পিবিআইয়ের প্রতিবেদনেও অসংগতির তথ্য রয়েছে বলে অভিযোগকারীর দাবি।

এদিকে, কথিত দলিলের অনুলিপি ব্যবহার করে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় এমআর-৮২ নম্বর মামলা করা হয়েছিল বলে মামলার বিবরণে উল্লেখ রয়েছে। ভুক্তভোগী পক্ষের অভিযোগ, এর মাধ্যমে তাদের জমির দখল নিয়ে বিরোধ সৃষ্টি এবং দীর্ঘদিন ধরে আইনি হয়রানি করা হয়েছে।

পরবর্তীতে দলিল জালিয়াতি ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা দায়েরের পর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সেই পরোয়ানার ভিত্তিতেই মিজানুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

তাড়াশ থানার এএসআই উত্তম কুমার জানান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মিজানুর রহমানকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
02 November 2026

তাড়াশে দলিল জালিয়াতির মামলায় এক আসামি গ্রেপ্তার, আরেকজন পলাতক

www.promothalo.com
02 November 2026

তাড়াশে দলিল জালিয়াতির মামলায় এক আসামি গ্রেপ্তার, আরেকজন পলাতক

www.promothalo.com