মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

তাড়াশের ঐতিহ্য রক্ষায় নতুন উদ্যোগ, প্রত্ননিদর্শন সংরক্ষণে প্রশাসনের তৎপরতা

মোঃ শামসুজ্জোহা / ৭১ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
ইতিহাস-ঐতিহ্যের সমৃদ্ধ জনপদ সিরাজগঞ্জের তাড়াশ। সময়ের পরিক্রমায় উপজেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বহু ঐতিহাসিক স্থাপনা ও প্রত্ননিদর্শন এখন সংরক্ষণের অভাবে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে। এসব ঐতিহাসিক নিদর্শনকে নতুন করে গুরুত্বের সঙ্গে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন।

তাড়াশের বিনসাড়া গ্রামের বেহুলা-লক্ষিন্দারের বাবার বাড়ি, শাহ শরীফ জিন্দানী (রহ.)-এর মাজার শরীফ, বারুহাঁসের ঐতিহাসিক ইমামবাড়ি এবং পৌর এলাকার রাধা গোবিন্দ মন্দিরসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সুধীজন ও সচেতন মহল।

বৃহস্পতিবার দুপুরে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের কার্যালয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সভায় জেলা প্রশাসক আমিনুল ইসলাম তাড়াশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে সুদূরপ্রসারী পরিকল্পনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানকে অগ্রাধিকার ভিত্তিতে উপজেলার প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শনগুলোর তালিকা প্রস্তুতের নির্দেশ দেন। একই সঙ্গে এসব স্থাপনার বর্তমান অবস্থা, ঐতিহাসিক গুরুত্ব ও সংরক্ষণের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসকের এমন উদ্যোগকে স্থানীয়ভাবে ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কারণ, একটি জনপদের উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; সেই জনপদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে সুরক্ষিতভাবে পৌঁছে দেওয়াও প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের ভূমিকারও প্রশংসা করেন উপস্থিত সুধীজনেরা। স্থানীয় ইতিহাস ও ঐতিহ্যকে প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত করে সংরক্ষণের উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে তাঁর আন্তরিকতা ও সক্রিয় ভূমিকা তাড়াশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সভায় তাড়াশ পৌর বিএনপির আহ্বায়ক তপন গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম ও আবুল হোসেন, যুবদলের আহ্বায়ক এফএম শাহ আলম, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মতামত দেন।

এদিকে সভায় বাঙালির ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার বিষয়েও আলোচনা হয়। জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, খেলাধুলা ও সংস্কৃতি একটি জাতির নিজস্ব পরিচয়কে ধারণ করে। নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত করতে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা এবং প্রেসিডেন্ট গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজনকে সফল করতে সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

প্রশাসনের এই উদ্যোগকে ঘিরে তাড়াশের মানুষের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, পরিকল্পিতভাবে প্রত্ননিদর্শনগুলো সংরক্ষণ করা হলে একদিকে যেমন হারিয়ে যেতে বসা ইতিহাস নতুন প্রাণ পাবে, অন্যদিকে তাড়াশের পর্যটন ও সাংস্কৃতিক সম্ভাবনাও আরও বিকশিত হবে।

ইতিহাসের পাতায় নয়, বাস্তবের মাটিতে তাড়াশের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান সংরক্ষণ প্রচেষ্টা হিসেবে স্মরণীয় হয়ে থাকতে পারে।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
20 August 2026

তাড়াশের ঐতিহ্য রক্ষায় নতুন উদ্যোগ, প্রত্ননিদর্শন সংরক্ষণে প্রশাসনের তৎপরতা

www.promothalo.com
20 August 2026

তাড়াশের ঐতিহ্য রক্ষায় নতুন উদ্যোগ, প্রত্ননিদর্শন সংরক্ষণে প্রশাসনের তৎপরতা

www.promothalo.com