নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে আপত্তিকর বক্তব্য ও লেখা প্রকাশের অভিযোগে মাহবুবা সুলতানাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পরবর্তী বিচারিক কার্যক্রমে মাহবুবা সুলতানার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় দায়ের করা এ মামলায় মাহবুবা সুলতানাসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন পত্রিকা ও অনলাইন মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা, সংবিধান, পুলিশ বাহিনী ও বিচার ব্যবস্থা সম্পর্কে আপত্তিকর, কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্য ও লেখা প্রকাশের অভিযোগ আনা হয়েছে।
এজাহারে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩/৩২৩/৩৪১/৫০০/৫০৫/৫০৫(এ)/৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, পরবর্তী বিচারিক কার্যক্রমে মাহবুবা সুলতানার উপস্থিতি নিশ্চিত করতে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। পরোয়ানাটি তামিলের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠানো হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে।
মামলাটির পরবর্তী কার্যক্রম আদালতে চলমান রয়েছে।
তবে মাহবুবা সুলতানার পরিবারের সাথে যোগাযোগ করে জানা গেছে, তার বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তার শ্বশুর বাড়ির পক্ষ থেকে। এই মামলা কেবল পারিবারিক এবং রাজনৈতিক জিঘাংসার উদ্দেশ্যে তৃতীয় পক্ষ দিয়ে করানো হয়েছে।