নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, “রক্তাক্ত জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের রক্তে ভেজা এই সবুজ জমিনে আমরা সকল সামাজিক বৈষম্য দূর করে একটি মানবিক, কল্যাণরাষ্ট্রভিত্তিক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।”
তিনি বলেন, “আমাদের নিরপরাধ সন্তানদের যারা হত্যা করেছে, আহত করেছে, যাদের চোখ কেড়ে নিয়েছে এবং আয়নাঘরে অমানবিক নির্যাতন চালিয়েছে, তাদের অবশ্যই বিচার হতে হবে। আমাদের আন্দোলন ও সংগ্রামের লক্ষ্য জুলাই সনদ বাস্তবায়ন। সকল প্রতিকূলতা অতিক্রম করে আমরা এ সনদ বাস্তবায়নে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য করা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।”
শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টায় মৌলভীবাজার শহরের দেওয়ান মঞ্জিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত দেশব্যাপী জুলাই আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদ ও আহতদের স্মরণে এবং তাদের জন্য দোয়া কর্মসূচির অংশ হিসেবে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী। জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আবেগঘন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল হামিদ, আব্দুল কুদ্দুস নোমান, মৌলভীবাজার পৌর আমির হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমির মো. ফখরুল ইসলাম, রাজনগর উপজেলা আমির আবুর রাইয়ান শাহীন, কুলাউড়া উপজেলা আমির আব্দুল মুনতাজিম, জুড়ী উপজেলা আমির আব্দুল হাই হেলাল, বড়লেখা উপজেলা আমির (ভারপ্রাপ্ত) মাওলানা ইসলাম উদ্দিন, সাবেক জেলা আমির এমাদুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা আমির মো. মাসুক মিয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি আব্দুল মুমিতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন প্রিন্সিপাল মাওলানা শেখ আব্দুল হক।
সভাপতির বক্তব্যে জেলা আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী বলেন, “শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের স্বপ্নের কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা নিরবচ্ছিন্ন আন্দোলন চালিয়ে যাব, ইনশাআল্লাহ।”
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.