অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং পরিবারের অক্লান্ত সহযোগিতায় সব প্রতিকূলতাকে জয় করে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সুলতানপুর আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রিয়ন্তী দাস।
প্রিয়ন্তীর গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। তার বাবা স্বর্গীয় গোপাল কৃষ্ণ দাস তালুকদার দীর্ঘদিন সিলেট জেলা সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন। মা সোমা রানী দাস তালুকদার। পাঁচ ভাইবোনের মধ্যে প্রিয়ন্তী তৃতীয়।
প্রায় তিন বছর আগে হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে বাবা মারা যাওয়ার পর পরিবারের ওপর নেমে আসে কঠিন দুর্দিন। সেই সময় প্রিয়ন্তীকে তার পিসির (ফুফু) বাড়িতে নিয়ে এসে শান্তিগঞ্জ উপজেলার সুলতানপুর আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে ভর্তি করানো হয়। সেখান থেকেই শুরু হয় তার নতুন সংগ্রামের পথচলা।
অধ্যবসায় ও মেধার স্বাক্ষর রেখে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে। একই সঙ্গে শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ের মেধাতালিকায় পঞ্চম স্থান লাভ করে সে সবার নজর কেড়েছে। বর্তমানে প্রিয়ন্তী জয়কলস উজানিগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, প্রিয়ন্তীর এই সাফল্যের পেছনে তার পিসির (ফুফু) অবদান সবচেয়ে বেশি। বাবাহারা এই মেধাবী শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো লালন-পালন করে পড়াশোনায় উৎসাহ ও সার্বক্ষণিক সহযোগিতা করেছেন তিনি।
প্রিয়ন্তীর ট্যালেন্টপুল বৃত্তি অর্জনের খবরে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন তার কাকা গৌরাঙ্গ মোহন তালুকদার। তিনি বলেন, "আমাদের পরিবারের জন্য এটি অত্যন্ত আনন্দের খবর। সবাই প্রিয়ন্তীর জন্য আশীর্বাদ করবেন, যেন সে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করে তার প্রয়াত বাবার স্বপ্ন পূরণ করতে পারে।"
স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মতে, প্রিয়ন্তীর এই সাফল্য শুধু তার পরিবারের নয়, পুরো এলাকার জন্যই গর্বের। প্রতিকূলতার মধ্যেও দৃঢ় মনোবল ও পরিশ্রম থাকলে সাফল্য অর্জন সম্ভব—প্রিয়ন্তী দাস তারই উজ্জ্বল দৃষ্টান্ত।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.