“বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনছারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন”
মুহাম্মদ ময়নুল হক স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলাধীন হাবিবুল্লাহ নগর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনছারের
যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। এ সময় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৬) বছর। তিনি গতকাল বুধবার মাঝরাতে বগুড়া জিয়া মেডিকেলে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দরগারচর ইদগাহ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযাপূর্ব এ বীর মুক্তিযোদ্ধার কফিনে জাতীয় পতাকা ও পুষ্পস্তবক দিয়ে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন। এ সময় মরহুমের প্রতি ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরে হযরত শাহ হাবিবুল্লাহ শহীদ ইয়ামেনী (রহঃ)- এঁর মাজার শরীফ (বাদলবাড়ী) সংলগ্ন কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যা ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনছার দরগারচর গ্রামের মৃত শমসের আলী প্রামানিকের দ্বিতীয় পুত্র।
দাফন অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ পুলিশ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনছার মহান মুক্তিযুদ্ধে দেশমাতৃকার স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আত্মত্যাগ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
দাফন শেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত সবাই মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।