মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

বার্তা সম্পাদক / ৪৪ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বুধবার, ১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ৬নং বুড়িগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডভুক্ত আলীগ্রামকে বিহার ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অন্তর্ভুক্তির প্রস্তাব বাতিল করে পূর্বের মতো বুড়িগঞ্জ ইউনিয়নেই বহাল রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এলাকাবাসী। এ দাবিতে গত ২১ জুন বগুড়ার জেলা প্রশাসক ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৃথক স্মারকলিপি জমা দেন গ্রামের সর্বস্তরের জনগণ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আলীগ্রামে প্রায় ৩৫ হাজার ৫০০ মানুষের বসবাস এবং মোট ভোটার সংখ্যা ২ হাজার ৬৭৭ জন। গণশুনানিতে অংশ নেওয়া ভোটারদের প্রায় ৯০ শতাংশ বুড়িগঞ্জ ইউনিয়নেই থাকার পক্ষে মতামত দিয়েছেন। কিন্তু সেই মতামত উপেক্ষা করে ইউনিয়ন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলে তা জনমতের প্রতিফলন হবে না বলে দাবি করেন এলাকাবাসী।

তাদের ভাষ্য, পিতা-পিতামহের আমল থেকেই আলীগ্রাম ৬নং বুড়িগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত। জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, জমির খতিয়ান, ওয়ারিশ সনদসহ সব সরকারি নথিপত্র বুড়িগঞ্জ ইউনিয়নের ঠিকানায় সম্পন্ন হয়েছে। ইউনিয়ন পরিবর্তন হলে এসব নথি সংশোধনে সাধারণ মানুষকে দীর্ঘ ভোগান্তি ও অতিরিক্ত আর্থিক ব্যয়ের মুখে পড়তে হবে।

স্মারকলিপিতে আরও বলা হয়, শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সুবিধার দিক থেকেও আলীগ্রাম বুড়িগঞ্জ ইউনিয়নের সঙ্গে অধিক সংযুক্ত। ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক ও বাজার গ্রামের নিকটবর্তী হওয়ায় বাসিন্দারা সহজেই এসব সেবা গ্রহণ করে আসছেন। ইউনিয়ন পরিবর্তন হলে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

এছাড়া নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার বিষয়টিও গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। এলাকাবাসীর দাবি, আলীগ্রাম দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে আসছে। তাই জননিরাপত্তা, প্রশাসনিক ধারাবাহিকতা এবং জনগণের মতামতের প্রতি সম্মান জানিয়ে আলীগ্রামকে বুড়িগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডেই বহাল রাখার আহ্বান জানানো হয়েছে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ওয়ার্ড বিলুপ্ত করে বিহার ইউনিয়নে অন্তর্ভুক্ত করা হলে নির্বাচিত ওয়ার্ড সদস্যের পদ বিলুপ্ত হবে, ভোটকেন্দ্র পরিবর্তন হবে এবং জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা, জমির খতিয়ানসহ বিভিন্ন সরকারি রেকর্ড সংশোধনের প্রয়োজন হবে, যা জনদুর্ভোগ ও রাষ্ট্রীয় সম্পদের অপচয়ের কারণ হতে পারে।

এলাকাবাসী আশা প্রকাশ করেন, গণশুনানিতে জনগণের দেওয়া মতামত, গণস্বাক্ষর এবং জনস্বার্থ বিবেচনায় প্রশাসন আলীগ্রামকে পূর্বের মতো ৬নং বুড়িগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডেই বহাল রাখার সিদ্ধান্ত গ্রহণ করবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
01 July 2026

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

www.promothalo.com
01 July 2026

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

www.promothalo.com