নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। আসন্ন এইচএসসি ও আলিম পরীক্ষা-২০২৬ উপলক্ষে পরীক্ষার্থীদের উৎসাহ, অনুপ্রেরণা ও সাফল্য কামনায় মৌলভীবাজারের কমলগঞ্জে দোয়া অনুষ্ঠান ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কমলগঞ্জ উত্তর থানা শাখা।
শুক্রবার (১৯ জুন ২০২৬) বিকেল ৪টায় কমলগঞ্জ উপজেলার গাজী সালাউদ্দিন ইসলামিক একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি ও আলিম পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কমলগঞ্জ উত্তর থানা শাখার সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ফরিদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার অফিস সম্পাদক তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদ উদ্দিন বলেন, “পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল অর্জনের জন্য কঠোর অধ্যবসায়ের পাশাপাশি মহান আল্লাহর সাহায্য ও দোয়ার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক মূল্যবোধের চর্চা এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে হলে নিয়মিত অধ্যয়ন, আত্মবিশ্বাস, সময়ের সঠিক ব্যবহার এবং সৎ চরিত্র গঠনের প্রতি গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই তাদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, বরং নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে।”
এ সময় বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মনোযোগ সহকারে পড়াশোনা, সময় ব্যবস্থাপনা এবং মানসিক দৃঢ়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা শিক্ষার্থীদের পরীক্ষাভীতি কাটিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পরে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য, পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও উৎসাহব্যঞ্জক হিসেবে উল্লেখ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.