
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের উপকারভোগীদের জন্য নির্মিত একটি প্যান্ডেল বুধবার দুপুরে আকস্মিক ঝড়ো বাতাসে ভেঙে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং অনুষ্ঠানের মূল মঞ্চও সম্পূর্ণ অক্ষত রয়েছে।
বুধবার (১৭ জুন ২০২৬) সকাল থেকে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানকে ঘিরে হাজারো মানুষের সমাগম ঘটে। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ দমকা বাতাসে উপকারভোগী ও অতিথিদের বসার জন্য নির্মিত একটি প্যান্ডেল ভেঙে পড়ে। এ সময় সেখানে অবস্থানরত লোকজনের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে নিরাপত্তার স্বার্থে ক্ষতিগ্রস্ত প্যান্ডেলটি সম্পূর্ণ খুলে ফেলা হয়।
সরেজমিনে দেখা যায়, প্রধানমন্ত্রীর আগমনের নির্ধারিত সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মাঠে মানুষের উপস্থিতি ক্রমেই বাড়তে থাকে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জেলার বিভিন্ন চা বাগান থেকে আগত চা শ্রমিক এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
অনুষ্ঠানে অংশ নিতে আসা কয়েকজন চা শ্রমিক জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলার বিভিন্ন চা বাগানে ছুটি ঘোষণা করা হয়েছে। বাগান কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় তারা দলবদ্ধভাবে অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন।
চা শ্রমিক পূর্ণিমা রেলি ও জাদব বলেন,
“চায়ের দেশে প্রধানমন্ত্রী এসেছেন, তাই আমরা তাকে একনজর দেখতে এসেছি। আমরা আমাদের ভূমির অধিকার নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই।”
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা ১টায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে তিনি ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি ও অসহায় রোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক প্রদান করবেন।
প্রশাসন সূত্র আরও জানায়, প্রধানমন্ত্রী ইতোমধ্যে সিলেট থেকে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হয়েছেন এবং তার সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মৌলভীবাজার জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাকে স্বাগত জানাতে বিভিন্ন সড়কের দুই পাশে শৃঙ্খলাবদ্ধভাবে অবস্থান নিয়েছেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও সফরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শ্রীমঙ্গলজুড়ে সাজসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা এবং জনসমাগমে সৃষ্টি হয়েছে এক বিশেষ উৎসবের আবহ, যা জেলার সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ রাজনৈতিক ও সামাজিক আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.