রুহুল আমিন ব্যুরো প্রধান, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ করেছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। রোববার (১০ মে) দুপুরে সিংগাইর উপজেলা পরিষদ কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় এই সহায়তা বিতরণ করা হয়।
এর আগে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তিনি সিংগাইর সদর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির সংস্কার এবং আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পাশাপাশি যানবাহন সংশ্লিষ্ট চাঁদাবাজি প্রতিরোধ এবং পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুর রহমান সৌরভের নেতৃত্বে একটি কমিটি গঠনের নির্দেশনা দেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় ১৯টি পরিবার ও একটি প্রতিষ্ঠানকে গৃহ নির্মাণের জন্য এক বান্ডেল করে ঢেউটিন এবং নগদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত বলেন, “সরকারের সহায়তা প্রকৃত অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে আমরা কাজ করছি। শুধু সহায়তা প্রদানই নয়, সিংগাইরের যোগাযোগ ব্যবস্থা, পরিবহন খাত ও জনসেবার মান উন্নয়নেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জনগণের দুর্ভোগ কমাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” এ সময় জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহাদী হোসেন, ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান সৌরভ, থানা পুলিশের সদস্যসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.