সেলিনা সাথী
আজকে শুভ জন্মদিন,
আজকে আমার দিন,
হৃদয় জুড়ে বাজছে যেন
অচেনা এক বীন।
সময় যেন থমকে থেকে
বলছে মিষ্টি হেসে,
আরো একটি বছর এলো
জীবনেরই দেশে।
শৈশব আমার কাঁধে এসে
রাখে নরম হাত,
মনে পড়ে যায় কত হাসি,
কত কান্নার রাত।
কত স্বপ্নের কাগজ নৌকা
ভাসিয়েছি জলে,
কত আশা আজও নীরব
বসে আছে তলে।
জন্মদিন মানে শুধু কি কেক
কাটা আর হাসি?
জন্মদিনে মনটা কেন
হয় যে উদাসী।
হিসেব কষি কতটা পথ
হেঁটেছি আমি একা,
কত মানুষ পাশে ছিল
কতজনই ফাঁকা।
জন্মদিনে মনে পড়ে
মায়ের মুখের আলো,
সেই তো আমায় পৃথিবীতে
এনেছিলো ভালো।
বাবার স্নেহ, আশীর্বাদের
অদৃশ্য এক ছায়া,
আজও আমায় আগলে রাখে
দুঃখের গহীন মায়া।
জন্মদিনে মনে পড়ে
সন্তানের সেই টান,
তাদের মুখে পাই যে খুঁজে
বেঁচে থাকার গান।
যতই জীবন কষ্ট দিক,
যতই উঠুক ঝড়
সন্তান নামে আশার প্রদীপ
হবেনা কভু পর ।
আজকে আমি নিজেকেও
একটু ভালোবাসি,
সারাজীবন সবার তরে
ছিলাম শুধু খাঁটি।
নিজের কথা ভুলে গিয়ে
দিয়েছি বলিদান
তবু কেনো বুকে এখনো
জমা শূন্যস্থান!
আজকে আমি প্রতিজ্ঞা করি
এই শুভক্ষণে,
নিজেকেও রাখবো এবার
ভালোবাসার বনে।
যতটুকু আলো আছে মোর,
ছড়াবো চারিধার,
অন্ধকারে থেকেও হবো
দীপ্ত আমি তার।
জন্মদিনে চাই না শুধু
বাহিরের আয়োজন,
চাই কিছু সত্যিকারের
হৃদয়েরই স্পন্দন।
আজ আমার জন্মদিন,
আল্লাহ্র কাছে চাই,
যতদিন বাঁচি সততার পথ
ছেড়ে যেন না যাই ।
মানুষ হয়ে মানুষেরই
পাশে যেন থাকি,
ভাঙা হৃদয় জোড়া দিতে
স্নেহের প্রদীপ রাখি।
আজ আমার জন্মদিনে
আমার লেখা গান,
হাসির আড়ালেও লুকিয়ে থাকে
অশ্রু অভিমান।
তবু আমি থামবো না আর,
ভাঙবো না কোনোদিন,
কারণ আমি জীবনযোদ্ধা—
হবোনা যে মলিন।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.