
নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।
মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘অমর একুশে’ পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রীমঙ্গলের কলেজ রোডস্থ ঐতিহ্যবাহী শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত শহীদ মিনারে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের শাহেদ গাজী’র সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মনসুরের সঞ্চালনায় আয়োজিত দোয়া মাহফিলে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মনসুর বলেন, “১৯৫২ সালের ভাষা আন্দোলন আমাদের জাতীয় চেতনার ভিত্তি। মাতৃভাষার অধিকার রক্ষায় যে আত্মত্যাগ হয়েছে, তা বিশ্ব ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। নতুন প্রজন্মকে সেই ইতিহাস জানতে হবে এবং ভাষার শুদ্ধ চর্চায় অঙ্গীকারবদ্ধ হতে হবে।”
উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর গুলি চালানো হলে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে শহীদ হন। তাঁদের আত্মত্যাগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।
অনুষ্ঠানের শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বীর ভাষা শহীদদের প্রতি জানানো হয়—“অফুরন্ত শ্রদ্ধা ও লাল সালাম।”
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.